ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সকে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে ডিউটিতে নিয়োজিত প্রত্যেক সদস্যের করণীয় ও বর্জনীয় বিষয় কঠোরভাবে অনুসরণ করতে হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচনী পরিবেশ বিনষ্ট বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।
এসময় উপস্থিত ছিলেন র্যাব কমান্ডার, মেহেরপুর; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), মেহেরপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১ (ডিএসবি), আরআই এবং নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স সদস্যরা।

