ads
১৬ এপ্রিল, ২০২৬

হাসনাত–সারজিস ফোন ধরেন না: ক্ষোভ শহীদ সাদমানের মায়ের

অনলাইন সংরক্ষণ

হাসনাত–সারজিস ফোন ধরেন না: ক্ষোভ শহীদ সাদমানের মায়ের

হাসনাত–সারজিস ফোন ধরেন না: ক্ষোভ শহীদ সাদমানের মায়ের

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার রাজনৈতিক নেতাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রয়োজনের সময় অনেক নেতা ফোন ধরেন না, এমনকি তার ছেলের কবর জিয়ারত করতেও আসেন না।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা নগরীতে শহীদ সাদমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান এনসিপি ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এ সময় তিনি এসব অভিযোগ করেন।

শারমিন আক্তার বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতো নেতাদের ফোনে পাওয়া যায় না। “আমার ছেলে জুলাইয়ে রক্ত দিয়েছে, কিন্তু তারা এখন বড় বড় নেতা হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক,” বলেন তিনি।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতা ও পদ পেয়েছেন, তাদের সেই ইতিহাস মনে রাখা উচিত। ছেলের রক্তাক্ত রুমাল হাতে নিয়ে তিনি বলেন, “এই রক্তের ঋণ শোধ করতে হবে, এ রক্তের দায় আছে।”

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, দেশের জন্য কোনো এমপি বা মন্ত্রীর সন্তান শহীদ হয়নি, অথচ সাধারণ মানুষের সন্তানেরাই জীবন দিয়েছে।

এ সময় অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হবে না।

তিনি বলেন, “বর্তমান সরকার পরিবর্তন আনতে ব্যর্থ হলে, অন্য সরকার তা বাস্তবায়ন করবে। প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।”

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে শহীদ পরিবারের দোয়া নিতে এসেছেন জানিয়ে তারিকুল ইসলাম বলেন, ভবিষ্যতে তাদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম