ads
৮ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটগ্রহণের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারে কঠোর নির্দেশনা নির্বাচন কমিশনের

অনলাইন সংরক্ষণ

ভোটগ্রহণের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারে কঠোর নির্দেশনা নির্বাচন কমিশনের

ভোটগ্রহণের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারে কঠোর নির্দেশনা নির্বাচন কমিশনের

এজেন্টদের যানবাহন ব্যবহারে কঠোর নির্দেশনা নির্বাচন কমিশনের

ভোরের প্রহর ডেস্ক: প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন নির্বাচন সংক্রান্ত শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট আলাদাভাবে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত যানবাহনের মধ্যে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি অথবা অটোরিকশা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি যানবাহনে চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থী তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ করে থাকলে, সেই গানম্যানও উক্ত পাঁচজনের মধ্যেই গণ্য হবেন।

এছাড়া যেসব দুর্গম এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব এলাকায় প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুইজন অবস্থান করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নৌপথে চলাচলের ক্ষেত্রে পৃথক নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন জানায়, নৌযান ব্যবহারের সময় প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যানবাহনে অবস্থানকারী প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত অন্য ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে নির্ধারিত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

তবে প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ কোনোভাবেই ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না—এ বিষয়টি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতেই এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম