এমপির ভাইয়ের হুংকার,কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মধ্যে।
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে নির্মাণাধীন একটি পাকা সড়কের কাজে নিম্নমানের (দুই নম্বর) ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় গ্রামবাসী কাজের স্থলে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসীরা দেখতে পান যে রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা কাজ বন্ধ করার দাবি জানান। এ সময় ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় একটি ইটভাটার মালিক মান্নান। এলাকাবাসীর দাবি, মান্নান “ভাটা মান্নান” নামে পরিচিত এবং তিনি কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের ভাই।
অভিযোগ রয়েছে, কাজে বাধা দেওয়ায় মান্নান ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের উদ্দেশে হুমকি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বলেন, কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মধ্যে। কথা হিসাব করে বলবি। আমার কাজে বাধা দিলে এর ফল ভালো হবে না।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করে সড়ক নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মান্নান কিংবা সংশ্লিষ্ট ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

