পুনাক মেহেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ০১,ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ,২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মেহেরপুর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) পুনাক মেহেরপুরের সভানেত্রী জনাব টুম্পা সরকারের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ফরেস্ট ইয়ার্ড পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি গাছে পানি দিয়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাক মেহেরপুরের সভানেত্রী ও সদস্যবৃন্দ।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফরেস্ট ইয়ার্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

