ads
৫ এপ্রিল, ২০২৬

ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার, থমকে সেতুর কাজ—দুর্ভোগে মিরপুরবাসী

ডেস্ক রিপোর্ট

ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার, থমকে সেতুর কাজ—দুর্ভোগে মিরপুরবাসী

ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার, থমকে সেতুর কাজ—দুর্ভোগে মিরপুরবাসী

কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এর প্রাণকেন্দ্রে জিকে খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। ঝুঁকিপূর্ণ অস্থায়ী সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের শুরুতেই কোনো বিকল্প সড়ক বা নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখা হয়নি। পরে কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করা হলেও বর্তমানে সেগুলো নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের গ্রামের মানুষের।

এছাড়া সেতুর দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কুষ্টিয়া সড়ক বিভাগের অধীনে কুষ্টিয়া (ত্রিমোহনী)–মেহেরপুর মহাসড়কের আট মাইল থেকে মিরপুর থানা সংযোগ সড়কের জিকে খালের ওপর ৫৭.০৯৮ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৮ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ২০২৬ সালের ২০ জুন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত কাজের ভৌত অগ্রগতি প্রায় ৪৮ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৪৭.৪২ শতাংশ। শ্রমিক সংকটসহ বিভিন্ন কারণে কাজের গতি ধীর রয়েছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পটি বাস্তবায়ন করছে Concrete and Steel Technologies Limited এবং Rana Builders (Pvt.) Limited-এর যৌথ উদ্যোগ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু সমস্যার কারণে কাজের গতি কম হলেও দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। সময়মতো কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম