কুষ্টিয়া সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ I
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫ মার্চ ২০২৬ তারিখে চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং ০৬ মার্চ ২০২৬ তারিখে শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯,৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯,৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯,২৭,৪০০/- (ঊনষাট লক্ষ সাতাশ হাজার চারশত) টাকা। এ ঘটনায় গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মোঃ নাহারুল ফকির (৫৫), পিতা-মৃত আফতাহিম এর বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ হওয়া বিজিবি’র মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের সুস্পষ্ট প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

