ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে ইসির কঠোর নিষেধাজ্ঞা
প্রকাশ: মঙ্গলবার , ২৭ শে জানুয়ারি ২০২৬ খ্রি: ১৩ ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭ রা শাবান ১৪৪৭ হিজরী
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত মোটরসাইকেলসহ বিভিন্ন শ্রেণির মোটরযান চলাচল নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপসহ সব ধরনের বাণিজ্যিক ও গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জরুরি চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ-পানি ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরা যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবেন।
ইসি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, এসব পদক্ষেপের ফলে ভোটগ্রহণের দিন সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য হবে

