জ্ঞানচর্চার নতুন দিগন্ত: ভেড়ামারা উপজেলা পাবলিক লাইব্রেরীর উদ্বোধন
ভেড়ামারা প্রতিনিধ: অদ্য ২৯শে, জানুয়ারি ২০২৬: জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ভেড়ামারা উপজেলা পাবলিক লাইব্রেরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব ডাঃ গাজী আশিক বাহার।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বলেন, একটি উন্নত ও আলোকিত জাতি গঠনে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির পাশাপাশি পাঠাগারভিত্তিক শিক্ষাচর্চা তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এ পাবলিক লাইব্রেরী শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকদের জন্য একটি কার্যকর জ্ঞানকেন্দ্রে পরিণত হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলা পাবলিক লাইব্রেরী নিয়মিত পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে এবং ধাপে ধাপে বইয়ের সংগ্রহ বৃদ্ধি করা হবে। তিনি স্থানীয় জনগণকে লাইব্রেরী ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে অতিথিরা লাইব্রেরীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সুধীজন মনে করছেন, এই লাইব্রেরী ভেড়ামারার শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে বইমুখী করতে ইতিবাচক অবদান রাখবে।

