ads
২৪ এপ্রিল, ২০২৬

মিরপুরের হালসায় ট্রেনে কেটে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার

মিরপুরের হালসায় ট্রেনে কেটে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মিরপুরের হালসায় ট্রেনে কেটে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার হালসা গ্রামের রেলগেটের দক্ষিণ পাশে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী (২২) মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের পুরাতন সুতাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী।

ঘটনার সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহতের ভাই খাইরুল ইসলাম জানান, তার বোন স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় বলে জানা যায়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালসা রেলগেট এলাকায় গিয়ে মরদেহ শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, স্বামী প্রবাসে থাকায় পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। এর জের ধরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, “সংবাদ প্রাপ্তির পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম