চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা-এ এক হতদরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী ইসরাফিল হোসেন (৫৪) উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত বরকত মন্ডলের ছেলে। তিনি অন্যের জমি লিজ নিয়ে উপজেলার গোবিন্দপুর নিমতলা ও বড়গালা মাঠে পেঁপে চাষ করছিলেন।
জানা যায়, নিমতলা মাঠে ১০ কাঠা এবং বড়গালা মাঠে ১ বিঘা জমিসহ মোট দেড় বিঘা জমিতে তার পেঁপে বাগান ছিল। নিজের কোনো আবাদি জমি না থাকায় দীর্ঘদিন ধরে কষ্ট করে এই বাগান গড়ে তুলেছিলেন তিনি।
ইসরাফিল হোসেন জানান, শনিবার বিকেলে বাগান ঘুরে দেখার সময় সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ফলন্ত গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা-এর অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, “ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

