শালিখা থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান শালিখা থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) পুলিশ সুপার মহোদয় শালিখা থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার শালিখা থানার অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে শালিখা থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

