চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় আব্দুল মান্নানের ‘এবিএম স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮ ধারায় হাসানের ‘হাসান স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মনিরুল ইসলামের ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

