ads
২৮ এপ্রিল, ২০২৬

মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা

মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওইদিন শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ে। শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতির আলোয় পরীক্ষা নিতে বাধ্য হয়।

কেন্দ্রটির সচিব ও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিড লাইনের সঙ্গে যুক্ত। গ্রিডের একটি লাইন পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে শঠিবাড়ী গ্রিড থেকে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব আগে থেকে বিষয়টি তাকে জানাননি। পরে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটের মতো বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম