কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক পীর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরীফ’ নামে পরিচিত মাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে একদল লোক মাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলেই শামিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন। আহত আরও অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মণ্ডল বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

