পিটিসি খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি : পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) জনাব এ কে এম আওলাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পিটিসি খুলনার সম্মানিত কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি, বাংলাদেশ পুলিশ প্রধান অতিথিকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। পরে প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।
সমাপনী কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি, কমান্ড্যান্ট, জাহানাবাদ সেনানিবাস, খুলনা; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এছাড়াও সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন,
“দুষ্টের দমন ও শিষ্টের পালন”—এই মহান ব্রতকে ধারণ করে ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।”
তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মৌলিক প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা হলেন—
চৌকস টিআরসি: মোঃ মাহফুজ আলম,
একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ হৃদয় আহমেদ,
মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ আল মাসুম মুসফিক শিহাব,
মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ মোস্তাফিজুর রহমান মিরাজ।
এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৬০তম টিআরসি ব্যাচের মোট ২১৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশের পেশাগত অঙ্গনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন। নবীন এসব পুলিশ সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবায় নতুন উদ্দীপনা ও গতিশীলতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

