৭ মে, ২০২৬

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৬ জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৬ জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকের ভয়ংকর থাবায় সমাজ ধ্বংসের মুখে এবং তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে উল্লেখ করে মাদক নির্মূলে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় এ অভিযান পরিচালিত হয়।

০৭ মে ২০২৬ ইং তারিখে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া সদর থানাধীন লালনের মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তিরা হলেন—

মোঃ বিপ্লব বিশ্বাস (২৩), ধোপপাড়া, কুষ্টিয়া সদর

মোঃ মামুন (২২), উত্তর লাহিনী, কুষ্টিয়া সদর

মোঃ মুক্তার হোসেন (৫০), মিললাইন, কুষ্টিয়া সদর

মোঃ বসির (৩৮), মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া সদর

মোঃ রুবেল ইসলাম (২৯), ছেউড়িয়া কারিগরপাড়া, কুষ্টিয়া সদর

মোঃ আরিফ শেখ (৩২), উত্তরা সেক্টর-০৬, ঢাকা

অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক খবির আহমেদ, উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন এবং মোঃ আসিফুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসহ তাদের আটক করা সম্ভব হয়।

পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামিদের ১৫ দিন, ১ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শক খবির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা সম্ভব হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।