প্রায় এক যুগ আগে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে নাম লেখান টালিউড সুপারস্টার Dev। দীর্ঘ সময় সাংসদ হিসেবে কাজ করে নিজস্ব জনপ্রিয়তা ও রাজনৈতিক পরিচিতি গড়ে তুললেও ২০২৬ সালের নির্বাচনের পর বদলে গেছে পরিস্থিতি।
ভারতীয় সংবাদমাধ্যম Sangbad Pratidin–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দেবকে ঘিরে কিছু মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন। কালো টি-শার্ট পরা অভিনেতা-সাংসদকে নিরাপত্তা বলয়ের মধ্যে মাথা নিচু করে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এতদিন রাজনৈতিক অঙ্গনে ‘সৌজন্যের রাজনীতি’র জন্য পরিচিত ছিলেন দেব। বিরোধীদের বিরুদ্ধে কটূক্তি না করা এবং শালীন আচরণের কারণে তিনি প্রশংসিতও হয়েছেন। লোকসভা কিংবা বিধানসভা নির্বাচন—সবক্ষেত্রেই দলনেত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোট চেয়েছেন এই অভিনেতা-সাংসদ।
তবে তৃণমূলের নির্বাচনী পরাজয়ের পর ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “দয়া করে এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান”, আবার কেউ বলেছেন, “এবার শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।” ফলে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যে সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।
বিশ্লেষকদের মতে, মানুষের এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয়। কারণ ব্যক্তি ও অভিনেতা হিসেবে এখনো দর্শকদের কাছে তার জনপ্রিয়তা অটুট রয়েছে। নির্বাচনী প্রচারণার সময়ও তার উপস্থিতিতে ব্যাপক জনসমাগম হয়েছিল, যা অনেকের মতে মূলত তার তারকাখ্যাতিরই প্রতিফলন।