২ মে, ২০২৬

হাওড়ে ডুবে গেল স্বপ্ন, জমির ধান দেখে হৃদরোগে কৃষকের মৃত্যু

হাওড়ে ডুবে গেল স্বপ্ন, জমির ধান দেখে হৃদরোগে কৃষকের মৃত্যু

৫০ হাজার টাকা ধার করে হাওড়ের জমিতে ধান রোপণ করেছিলেন কৃষক আহাদ মিয়া (৫৫)। আর কয়েকদিন পরই সেই ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু টানা অতিবৃষ্টিতে জমির ধান তলিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না। পানিবন্দি ফসলের ক্ষতি সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই কৃষক।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওড় এলাকার বিস্তীর্ণ ধানি জমি পানিতে তলিয়ে যায়। আহাদ মিয়ার জমিতেও পানি জমে ছিল টানা তিনদিন ধরে। ধানক্ষেত ডুবে থাকতে দেখে তিনি ভেঙে পড়েন। শনিবার সকালে জমি দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কৃষকরা জানান, ধান কাটার আগ মুহূর্তে এমন বন্যা পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। এখন ফসল নষ্ট হওয়ায় তাদের সামনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জেলা ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার হাওড় অঞ্চলের অন্তত এক হাজার হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। ধান পচে যাওয়ার আশঙ্কায় গত দু’দিন ধরে কৃষকরা অপরিপক্ক ধান কেটে বাড়িতে নিয়ে আসছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের সরকারি সহায়তার আওতায় আনার প্রক্রিয়া চলছে।