২৯ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় শব্দদূষণবিরোধী অভিযানে ১২ হাজার টাকা জরিমানা, ১০ হাইড্রোলিক হর্ণ ধ্বংস

কুষ্টিয়ায় শব্দদূষণবিরোধী অভিযানে ১২ হাজার টাকা জরিমানা, ১০ হাইড্রোলিক হর্ণ ধ্বংস

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে সারাদেশে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ১২,০০০ (বারো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় শব্দদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক নাসরিন সুলতানা। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কার্যক্রম জোরদার করা হবে।