কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের গুরুত্বপূর্ণ পদে আসীন মো. রাকিবুল ইসলাম রাকিব দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এক লিখিত পত্রের মাধ্যমে তিনি দলীয় সকল পদবী ও কার্যক্রম থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন। পদত্যাগকারী রাকিবুল ইসলাম পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইউনিয়ন জামায়াত আমির বরাবর পাঠানো ওই পত্রে তিনি উল্লেখ করেন যে, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে এই পদত্যাগপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন এবং ভবিষ্যতে একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে চান। রাকিবুল ইসলাম তার পত্রে আরও উল্লেখ করেন, “আমি অতীতেও ভালো কাজের সাথে ছিলাম, আগামীতেও ভালো কাজের সাথে থাকব ইনশাআল্লাহ।
আমি সবার কাছে দোয়া প্রার্থী।” চিঠির শেষাংশে তিনি তার বর্তমান দায়িত্ব থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানান। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল রাত সাড়ে ৯টার সময় পদত্যাগের বিষয়ে মো. রাকিবুল ইসলাম রাকিবের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি ইউনিয়ন যুব বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলাম।
আমার ব্যর্থতার কারণে আমি পদত্যাগ করেছি। এখন মূলত হচ্ছে আমি সময় দিতে পারছি না। আমি যেখানে কর্মরত আছি তাই আমার সময় দেওয়া সম্ভব না। এজন্য আমার জায়গা অন্য কেউ আসুক এটা হয়তো দলের পক্ষে ভালো কাজ হবে এজন্য। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমার এমন কোনো চাপ নেই। আমি আমার ওইখানে লিখিত দিয়েছি। আমাকে কেউ কোনো চাপ দেয়নি, প্লাস এটা মানে ভাবারও কোনো বিষয় নয়। আমার ব্যর্থতা।
সময় দেওয়ার কোনো মানে আমার নেই। এজন্য আমি দেখলাম, আসলে আমার জায়গায় যদি অন্য কেউ আসে হয়তো ভালো কিছু হবে। আমি এখন কোনো রাজনীতির সাথে যুক্ত থাকব না। তবে ভালো কাজের সাথে থাকব। আমি আমার পদত্যাগপত্রটি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে আমাদের নেতাদের কাছে পাঠিয়েছি। ডাইরেক্টলি এখনো ফর্মটা দেওয়া হয়নি। তবে ফর্মটা পাঠিয়ে দেব। সরাসরি হাতে দেইনি। আসলে আমি আমার ব্যর্থতার কারণে আপাতত সংগঠনের সাথে নেই। তবে এ বিষয়ে পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামির আমিরের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে, তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।