কুষ্টিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির দেওয়া রহস্যময় কাটুন খুলতে গিয়ে বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাসিন্দা বাহের শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লাহিনী বটতলা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি নাসিরের কাছে একটি কাগজের কাটুন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। লাহিনী কারিগরপাড়ার হামিদুল নামে এক ব্যক্তির কাছে কাটুনটি পৌঁছে দেওয়ার জন্য নাসিরকে ৩০ টাকা ভাড়াও দেওয়া হয়।
নাসির কাটুনটি নিয়ে নির্ধারিত ব্যক্তির বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে নাসির কাটুনটি আবার লাহিনী বটতলায় ফিরিয়ে আনেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে টেপ দিয়ে মোড়ানো কাটুনটি কাঁচি দিয়ে খুলতে শুরু করেন তিনি।
টেপ খোলার পর ভেতর থেকে একটি বক্স বের হয়। বক্সটি নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির শেখ মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কাটুনের ভেতরে কী ছিল এবং কে বা কারা এটি পাঠিয়েছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।