২৮ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় মর্মান্তিক ঘটনা: নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

কুষ্টিয়ায় মর্মান্তিক ঘটনা: নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী গ্রামে ফাহিম জোয়ার্দার (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত ফাহিম স্থানীয় খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের শেখপাড়ার বাসিন্দা রাসেল জোয়ার্দারের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিমের সহপাঠী একই গ্রামের মো. বাদলের কন্যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

নিহতের পিতা জানান, উভয়েই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা চলছিল। এমনকি প্রাপ্তবয়স্ক হলে বিয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগ করেন, ঘটনার দিন সকাল ৮টার দিকে মেয়েটির মা তাদের বাড়িতে এসে ফাহিমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে ফাহিম এবং কিছু সময় পর নিজ কক্ষে গলায় ফাঁস দেয় বলে পরিবারের দাবি। এ ঘটনাকে আত্মহত্যায় প্ররোচনা হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, প্ররোচনার অভিযোগে এক শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।