রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে ঘটনার জেরে আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটে। ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করে।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে তার একাডেমিক ও প্রশাসনিক সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। এ সময় তিনি কলেজে কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।
মাউশির পক্ষ থেকে আরও জানানো হয়, বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী তার প্রাপ্য ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত নিয়মে প্রদান করা হবে। পাশাপাশি, তদন্ত কার্যক্রম চলাকালে তাকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে হবে।
অফিস আদেশে বলা হয়, তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ প্রমাণিত না হলে বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এই নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
সম্প্রতি দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের ওই শিক্ষিকাকে ঘিরে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এরই প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের উদ্যোগ নেয় শিক্ষা প্রশাসন।