কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এলাকায় মব সৃষ্টি করে লুটপাট, সাধারণ মানুষের ওপর হামলা এবং নারী নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে। তারা এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, “ভবিষ্যতে যদি এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটে, তাহলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে এবং দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সুলতান আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির এক কর্মী গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের দাবি, ওই সংঘর্ষের জের ধরে প্রতিশোধমূলকভাবে বুরাপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তাদের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।