৯ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে ইউএনওর সিদ্ধান্তে বিদ্যুৎহীন পুরো উপজেলা, জনদুর্ভোগ চরমে

কুষ্টিয়ার মিরপুরে ইউএনওর সিদ্ধান্তে বিদ্যুৎহীন পুরো উপজেলা, জনদুর্ভোগ চরমে

কুষ্টিয়ার মিরপুরে ইউএনওর সিদ্ধান্তে বিদ্যুৎহীন পুরো উপজেলা, জনদুর্ভোগ চরমে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এক সিদ্ধান্তকে কেন্দ্র করে বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ায় পুরো উপজেলাজুড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জরুরি মেরামত কাজের জন্য জ্বালানি সংগ্রহ করতে স্থানীয় একটি ফিলিং স্টেশনে যান।

সেখানে দায়িত্বরত কর্মকর্তারা নিজেদের পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহের অনুরোধ করলে উপস্থিত ইউএনও আরাফাত আমান আজিজ তাদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করছেন, জরুরি সেবার বিষয়টি বিবেচনায় না নেওয়ায় বিদ্যুৎ পুনঃসংযোগ বিলম্বিত হয়েছে, যার ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট দীর্ঘায়িত হয়।

বিদ্যুৎ না থাকায় ব্যাংকিং সেবা বন্ধ হয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক বলেন, বিদ্যুৎ সেবা সচল রাখতে কর্মীরা জ্বালানি নিতে গেলে ইউএনওর পক্ষ থেকে অসহযোগিতামূলক আচরণ করা হয়। এতে জরুরি কাজ ব্যাহত হয়েছে এবং জনদুর্ভোগ বেড়েছে।

অন্যদিকে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান জানান, বিষয়টি তার নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ইউএনও আরাফাত আমান আজিজ কোনো মন্তব্য করতে রাজি হননি।