কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুত: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।
কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিমের যৌথ অভিযানে ‘বাবলু পাল স্টোর’-এর গুদামঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিল।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান জানান, কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৩০ দিনের বেশি সময় তেল মজুত রাখা নিষিদ্ধ। কিন্তু প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুত করে আসছিল।
এ ঘটনায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই। তবে অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।