২৭ মার্চ, ২০২৬

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মিরপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ঈশিতা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল গফুর। এছাড়া বক্তব্য রাখেন মিরপুর থানার অকফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।