১৮ মার্চ, ২০২৬

হাতিয়ায় ইউএনওকে ওএসডি, আপত্তিকর ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক

হাতিয়ায় ইউএনওকে ওএসডি, আপত্তিকর ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক

হাতিয়ায় ইউএনওকে ওএসডি, আপত্তিকর ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক।

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথিত আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে এক নারীর সঙ্গে আপত্তিকর দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। তার ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার মুখ বসিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে, যা তার মানহানির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে। প্রযুক্তির অপব্যবহার নাকি বাস্তব ঘটনা—তা যাচাই করতেই প্রাথমিকভাবে তাকে ওএসডি করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।