৭ মার্চ, ২০২৬

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ার খোকসা উপজেলা এলাকায় গড়াই নদীতে গোসলে নেমে চার কন্যাশিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু।

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে খোকসা-ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, চার শিশু একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় হঠাৎ স্রোতে ভেসে গভীর পানিতে চলে যায়। এ সময় খেয়াঘাটে থাকা ডিঙ্গি নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে সামিয়া (৬) ও সুমাইয়া (৮) নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে তাইফা (৭) ও সুরাইয়া (৮) নামে দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে চরের দিকে যাচ্ছিল। হঠাৎ স্রোতের টানে সবাই ভেসে যায়। নৌকার মাঝি আব্দুর রশিদ তাদের সাঁতার কাটতে দেখে নৌকা নিয়ে এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করেন, কিন্তু বাকি দুই শিশুকে পানিতে ডুবে যেতে দেখেন।

নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন এর ওসমানপুর গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পরের নিকট আত্মীয় বলে জানা গেছে।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। খুলনা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাত ৮টার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হবে।

এদিকে নিখোঁজ দুই শিশুর অপেক্ষায় নদীর পাড়ে স্বজন ও গ্রামবাসীর ভিড় জমেছে।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।