ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে টোটন নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে রাশিদুল ইসলাম নুনু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আহত টোটন জখমী অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা বাহারপাড়া এলাকার তিতুতলা নামক মোড়ে টোটনের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুর্শা বাহারপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে টোটন দীর্ঘদিন ধরে তিতুতলা মোড়ে একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত মকবুলের ছেলে রাশিদুল ইসলাম নুনু পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে তার দোকানে গিয়ে লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে।
আহত টোটন জানান, রাশিদুল ইসলাম নুনু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যুব সমাজের মাঝে মাদক বিক্রি করে আসছে। তিনি দাবি করেন, নুনু তার ছেলেকে ফুসলিয়ে গাঁজা সেবন করায়। বিষয়টি জানতে পেরে তিনি নুনুকে এ বিষয়ে বাধা দিলে নুনু তার ওপর ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।
টোটন বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার ওপর এমন নির্মম হামলার সুষ্ঠু বিচার চাই। সেই সঙ্গে এলাকার এই মাদক কারবারিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।