হালসা কাঁচা বাজারে দুইটি আধুনিক সেডের উদ্বোধন
মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের অবহেলিত ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী পুরাতন বাজার হালসা কাঁচা বাজারে দুইটি আধুনিক মানের সেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ ২০২৬) বেলা ১২টায় মিরপুর উপজেলা প্রশাসনের হাট-বাজার উন্নয়ন তহবিলের আওতায় বাজারটির উন্নয়নের লক্ষ্যে নির্মিত আধুনিক মানের দুইটি সেডের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাজারের ইজারাগ্রহীতা ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বকুল আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুনু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মেম্বার, কাঁচা বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন, আমবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাজার কমিটির কোষাধ্যক্ষ সোহেল রানা লিটন, আমবাড়ীয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফরিদ মালিথা, ইউনিয়ন ছাত্রদলের নেতা রাফিউল ইসলাম এবং হালসা বাজার কমিটির দপ্তর সম্পাদক মো. আজিবার রহমানসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সেড নির্মাণের ফলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নত হবে।