২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাউবির বিবিএ ও বিবিএসএস পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৭৩%

বাউবির বিবিএ ও বিবিএসএস পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৭৩%

বাউবির বিবিএ ও বিবিএসএস পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৭৩%

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিবিএ এবং বিবিএসএস পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিএ ও বিবিএসএস প্রোগ্রামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশীদ মাহমুদ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ২০ হাজার ২১৪ জন শিক্ষার্থী। এছাড়া চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৪৭৬ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭ হাজার ০৮ জন শিক্ষার্থী।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী রয়েছে। সার্বিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৭৩ শতাংশ।

গ্রেডভিত্তিক ফলাফলে দেখা যায়, ১ জন শিক্ষার্থী ‘A-’, ১৭০ জন ‘B+’, ২ হাজার ৬৭১ জন ‘B’, ৮ হাজার ৭৬০ জন ‘B-’, ১০ হাজার ০৪২ জন ‘C+’, ৪ হাজার ৯৭৩ জন ‘C’ এবং ৬৫১ জন ‘C-’ গ্রেড অর্জন করেছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট result.bou.ac.bd থেকে তাদের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।