২১ ফেব্রুয়ারি, ২০২৬

হালসা জিরো পয়েন্টে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল সহ আটক দুই যুবক

হালসা জিরো পয়েন্টে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল সহ আটক দুই যুবক

হালসা জিরো পয়েন্টে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল সহ আটক দুই যুবক

মিরপর  প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার হালসা সদরপুর সড়কের হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জিরো পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হালসা ক্যাম্পের ইনচার্জ মো. হাফিজুর রহমান হাফিজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি ডিসকভারী ১২৫ সিসি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২৫ পাতা (মোট ২৫০ পিস) নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মোহাম্মদ গাফফার শেখের পুত্র মোহাম্মদ টিপু শেখ (২০) এবং একই গ্রামের মোহাম্মদ নুরনবীর পুত্র মোহাম্মদ উমর ফারুক (২৮)।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।