১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের
 জুলাই-পরবর্তী সময়ে দেশে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। সাম্প্রতিক হামলা–হানাহানি বন্ধ না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, “গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি লাশ পড়েছে। শতাধিক হামলার ঘটনা আমরা তালিকাভুক্ত করেছি। অথচ জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য। কিন্তু এখনও সেই একই মারামারি ও হানাহানির রাজনীতি চলছে।”
তিনি আরও বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। “জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কেউ ছিনিমিনি খেললে তা বরদাশত করা হবে না,” যোগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমিরের ভূমিকার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ থাকলেও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন। বিভিন্ন স্থানে ভোট পুনঃগণনার বিষয়েও তারা আইনগত পথ অনুসরণ করছেন বলে উল্লেখ করেন সাদিক কায়েম।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা পুরো জাতিকে হতাশ করেছে। হল দখল বা হুমকির রাজনীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সবশেষে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, “আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে বসে দ্রুত সমাধান বের করতে হবে।”