ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বগুড়ায় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স মাঠে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম।
পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট প্রদানে বাধা, জাল ভোট প্রদান, প্রভাব খাটানো কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে বুলেটপ্রুফ জ্যাকেট, লেগগার্ড (লেগসিন), হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র ও গোলাবারুদ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন তিনি।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।