লক্ষ্মীপুরে জাল ভোটের সিল তৈরির অভিযোগে মামলা: সোহেল রানা গ্রেপ্তার, শরীফ হোসেন সৌরভ পলাতক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে প্রভাবিত করার উদ্দেশ্যে জাল ভোট প্রদানের জন্য অবৈধভাবে নির্বাচনী সিল তৈরির অভিযোগে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোঃ সোহেল রানা (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে এবং মোঃ শরীফ হোসেন সৌরভ (৩৪)-কে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌরসভার বাঞ্চানগর এলাকার পুরাতন পৌরসভা রোডের চক বাজারে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক প্রতিষ্ঠানে অবৈধভাবে নির্বাচনী সিল তৈরি করা হচ্ছে।
পরবর্তীতে অফিসার ইনচার্জকে অবহিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমনের নেতৃত্বে বিকাল সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মোঃ সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে ভোট গ্রহণে ব্যবহৃত অফিসিয়াল সিলের অনুরূপ ছয়টি অবৈধ নির্বাচনী সিল, একটি ডেস্কটপ কম্পিউটার মনিটর এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মোঃ সোহেল রানা জানান যে, মোঃ শরীফ হোসেন সৌরভ গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন এবং এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড পাঠান। এজাহারে পলাতক আসামি মোঃ শরীফ হোসেন সৌরভকে একটি ডিজিটাল প্রিন্টিং ও সাইন ব্যবসার মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে অবৈধভাবে সিল তৈরি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের এই কার্যকলাপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।
এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮১(অ)(ঘ) ধারা এবং দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৭৩/১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।