চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ:রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আন্তঃইউনিট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ইন্ডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সুপার পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার সভানেত্রী ডা. রোকেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মিনহাজ-উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইন্সের আরআই আব্দুস সামাদ, ইন্সপেক্টর খসরুজ্জামান, কোর্ট ইন্সপেক্টর নাসির উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের নিরবচ্ছিন্ন ও কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। জেলা পুলিশের মনোবল চাঙ্গা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল দ্বৈত ব্যাডমিন্টন, পুরুষদের ভলিবল প্রতিযোগিতা এবং নারী পুলিশ সদস্যদের জন্য হাড়িভাঙ্গা, চেয়ার সিটিং ও ভারসাম্য দৌড়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অফিসার পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জুটি। আন্তঃইউনিট দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের এএসআই (নিরস্ত্র) রেজোয়ান আহম্মেদ ও আমিনুল ইসলাম জুটি ২-০ সেটে পুলিশ লাইন্সের কনস্টেবল রাকিব ও মেহেদি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে চমৎকার নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন এএসআই রেজোয়ান আহম্মেদ।
অপরদিকে আন্তঃইউনিট ভলিবল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে তারা ২-০ সেটে চুয়াডাঙ্গা সদর ট্রাফিক ও সদর কোর্টের সমন্বয়ে গঠিত দলকে পরাজিত করে।
জেলা পুলিশের আন্তঃইউনিট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ লাইন্স ইন্ডোর ইনচার্জ এএসআই রবীন্দ্রনাথ সরকার। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা করেন কনস্টেবল মেহেদি, নাহিদ, আলামিন, বিধান ও আবুল হোসেন।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার সকল ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ সুপার পত্নী পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আক্তার। এর আগে অতিথি শিল্পী মাইশা জাহান সাবা এবং প্রমিলা পুলিশ কনস্টেবল নিতিকার মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।