বেলাব থানার চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলা ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার চোরাই মুরগির টাকা ও মোবাইল
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নরসিংদী প্রতিনিধি :বেলাব থানার চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), নরসিংদী। এ সময় চোরাই মুরগি বিক্রির চার লক্ষ টাকা এবং নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া (৪১), পিতা—মৃত আব্দুল মান্নান ভূঁইয়া, সাং—বীর বাঘবের, থানা—বেলাব, জেলা—নরসিংদী নিখোঁজ হন। পরে ২৯ জানুয়ারি রাত আনুমানিক ৭টার দিকে তার মালিকানাধীন মুরগির খামারের পাশে বর্জ্য ফেলার ডোবার পানিতে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলাটি নং—১৯(১)/২৬; ধারা—৩০২/৩৮০/৩৮১/২০১/৩৪ দণ্ডবিধি।
নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুকের সার্বিক নির্দেশনায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) শেখ মো. জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আসামি প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১)-কে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকা থেকে অপর আসামি আবুল কালাম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে চোরাই মুরগি বিক্রির চার লক্ষ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১। প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১), পিতা—মো. সাইফুল ইসলাম, সাং—হাটসিরা, ফতেপুর, থানা—মদন, জেলা—নেত্রকোনা।
২। আবুল কালাম (৪৫), পিতা—মৃত হেলাল উদ্দিন, সাং—কায়েস্ত পল্লী, থানা—কটিয়াদী, জেলা—কিশোরগঞ্জ। উদ্ধারকৃত আলামত:
১। চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লক্ষ টাকা ২। নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।