‘আমি ভাইয়ার জন্য এসেছি’—ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে শামিলা সিঁথির গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি নিজেই। তবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান।
এ কারণে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, তারেক রহমানের পক্ষে নিয়মিতভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার।